কৃতি সেননের রাখি বিজ্ঞাপনে বিতর্ক: বিজ্ঞাপন সরালো গয়না সংস্থা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
Main News Image

কৃতি সেনন। ছবি: সংগৃহীত

রাখিবন্ধন উপলক্ষ্যে নির্মিত একটি গয়নার বিজ্ঞাপনকে কেন্দ্র করে অভিনেত্রী কৃতি সেননকে ঘিরে দানা বাঁধা বিতর্ক গড়ালো শেষ পর্যন্ত বিজ্ঞাপন প্রত্যাহারে। পোশাকের ধরন ও উদযাপনের বার্তা নিয়ে বিতর্ক তীব্র হওয়ায় সব প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সম্পূর্ণ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিপণন সংস্থা।

বিতর্কের মূল কারণ

পোশাক ঘিরে আপত্তি: বিজ্ঞাপনে কৃতিকে ব্রালেট ধাঁচের টপ ও স্কার্টে দেখা যায়। নেটিজেনদের একটি অংশের দাবি, উৎসবের পরিবেশ ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই পোশাক সামঞ্জস্যপূর্ণ নয়। পোষ্যকে রাখির ভূমিকা, বিজ্ঞাপনে কৃতির পোষ্য সারমেয়কে ভালোবাসা প্রকাশ করে রাখি পরানো দেখানো হয়। এটিকেও ঐতিহ্য বিরোধী বলে দাবি করেন সমালোচকরা।

রাজনৈতিক তরজা ও কঙ্গনা-রাহুল সংঘাত

পোশাকের বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক কেবল নেটিজেনদের মন্তব্যে সীমাবদ্ধ থাকেনি, এতে জড়িয়ে পড়েন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। কঙ্গনা রনৌতও কটাক্ষ করেছেন। বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত কৃতির পোশাককে 'বিকিনি'-র সাথে তুলনা করে কড়া সমালোচনা করেন। কৃতি সোশ্যাল মিডিয়ায় পাল্টা লিখে স্পষ্ট জানান, সংস্কৃতি ও ঐতিহ্য হৃদয়ে থাকে, পোশাকের কাটে নয়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃতির পাশে দাঁড়িয়ে জানান, একজন নারী কী পরবেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দ। এর জবাবে কঙ্গনা পুনরায় রাহুলকেও কটাক্ষ করেন।

সংস্থার ব্যাখ্যা ও সিদ্ধান্ত

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় গয়না বিপণন সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানায়, ভারতীয় সংস্কৃতি ও পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। পোষ্যদের প্রতি ভালোবাসা দেখানোটাই ছিল বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য।

সংস্থাটি আরও উল্লেখ করে, অনিচ্ছাকৃতভাবে যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তবে সেই সম্মানের জায়গা থেকেই তারা সমস্ত প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিচ্ছে।