নাসিরুদ্দিনকে ‘শিয়াল’ কটাক্ষ কঙ্গনার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
Main News Image

নিট (NEET) দুর্নীতি নিয়ে বিনোদন জগতের তারকাদের নীরবতার সমালোচনা করতে গিয়ে নাসিরুদ্দিন শাহের দেওয়া মন্তব্যের জেরে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নাসিরুদ্দিনের বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে অভিনেতাকে সরাসরি ‘শিয়াল’ বলে আক্রমণ করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত।

বিতর্কের সূত্রপাত যন্তর-মন্তরে নিট দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় নাসিরুদ্দিন শাহের মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে বলিউড তারকাদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, “বিবেক যখন সায় দেবে, তখনই তারা প্রতিবাদ করবে। একটা কথা তো আছেই— মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না।” নাসিরুদ্দিনের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন বিশিষ্ট অভিনেতা ও গায়ক পীযূষ মিশ্র। তিনি প্রশ্ন তোলেন, নিট দুর্নীতি নিয়ে সোচ্চার হলেও ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের ক্ষেত্রে নাসিরুদ্দিন কেন চুপ?

পীযূষ মিশ্রের এই যুক্তির সঙ্গে সহমত প্রকাশ করে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতামত জানান কঙ্গনা রনৌত। পীযূষের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পুনরায় শেয়ার করে কঙ্গনা লেখেন, “সত্যিটা হলো আমরা প্রত্যেকেই কারও না কারও পোষা। আমি গর্বিত যে আমি সেই দেশকেই (বাড়ি) রক্ষা করি, যে দেশের খাবার আমি খাই। কিন্তু নাসিরুদ্দিন সাহেব এই দেশের খাবার খান, অথচ লড়াই করেন অন্য দেশের হয়ে।”

নাসিরুদ্দিনের ‘কুকুর’ মন্তব্যের পাল্টা দিয়ে কঙ্গনা আরও যোগ করেন, “আজকের দিনে কাউকে কুকুর বলাটা প্রশংসার মতোই। কারণ আনুগত্য ও মিষ্টি স্বভাব এখন সত্যিই বিরল। নাসিরুদ্দিনের মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে আমি বরং কুকুর হতেই বেশি পছন্দ করব।”

উল্লেখ্য, ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাঁচিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে রাজ্যজুড়ে বনধের ডাক দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি। জাতীয় রাজনীতির পাশাপাশি সংসদ চত্বরেও এ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে হট্টগোল চলে। এই প্রেক্ষাপটেই এবার বিনোদন জগতের তারকাদের মধ্যে তৈরি হলো নতুন বাগযুদ্ধ।