কেন এখনও অবিবাহিত সাবা পতৌদি?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
Main News Image

বিনোদন জগতের নামজাদা ‘পতৌদি পরিবার’-এর সদস্য হলেও লাইমলাইট থেকে সচরাচর দূরেই থাকেন শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদির মেজো সন্তান সাবা পতৌদি। পেশায় গহনা ডিজাইনার, ট্যারো কার্ড রিডার ও স্পিরিচুয়াল হিলার ৫০ বছর বয়সী সাবা সম্প্রতি বোন সোহা আলি খানের সঙ্গে নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির টক শো ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই খোলামেলা আলোচনায় জানালেন আজ পর্যন্ত তাঁর বিয়ের পিঁড়িতে না বসার কারণ।

‘বাবার মতো সঙ্গী খুঁজছিলাম’ : অনুষ্ঠানে সঞ্চালক নেহা ও অঙ্গদ যখন সাবার কাছে তাঁর অবিবাহিত থাকার কারণ জানতে চান, সাবা জানান, শুরুর দিকের প্রস্তাব ছিল ব্যাপক। বলেন, "আমার জীবনে সেভাবে কখনও কোনও পুরুষ আসেনি। ১৮-১৯ বছর বয়সে বিয়ের জন্য বেশ কয়েকজন পাত্রের সঙ্গে পরিচয় করানো হলেও কাউকেই আমার পছন্দ হয়নি।"

কিছু দিন পর কলকাতার এক পাত্রের সঙ্গে তাঁর বিয়ের প্রাথমিক কথাবার্তা ও সমীকরণ তৈরি হলেও তা পরিণতি পায়নি। কারণ হিসেবে সাবা জানান, তিনি তখনও বিয়ের জন্য মানসিকভা‌বে প্রস্তুত ছিলেন না।

সাবা স্পষ্ট করেন যে তিনি মনের মতো মানুষ খুঁজে পাননি, যাঁর সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করা যায়। তাঁর ভাষায়, "আমি বাবার মতো একজন সঙ্গী খুঁজছিলাম। আমার বাবা ছিলেন অত্যন্ত উদার ও দায়িত্বশীল মানুষ, যিনি আমাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন।"

তাপসী পান্নুর সেই মূল্যবান পরামর্শ : কথা প্রসঙ্গে অভিনেত্রী তাপসী পান্নুর একটি পরামর্শের কথা স্মরণ করেন সাবা। তাপসী তাঁকে বলেছিলেন, "তোমার জীবনে একজন পরিণত পুরুষের (Man) প্রয়োজন, কোনও ছেলের (Boy) নয়।" সাবা জানান, কথাটি তাঁর খুব পছন্দ হলেও বাস্তবে আজ পর্যন্ত তেমন কারও সন্ধান তিনি পাননি।

সাইফ আলি খান ও সোহা আলি খানের মতো রূপালী পর্দায় না এলেও, নিজের পেশাগত জগৎ ও স্বাধীন জীবনধারা নিয়ে সাবা পতৌদি বেশ স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছেন।