কুমার শানুর কেন মনে হয়েছিল তিনি বাঁচবেন না

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম
Main News Image

নয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের দাপট ছিল এক ওপেন সিক্রেট। সেই সময়ে চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা কিংবা সংগীতশিল্পীদের ওপর অপরাধজগতের এক অদৃশ্য কিন্তু মারাত্মক চাপ বজায় ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গা-শিউরে ওঠা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড ডনের ব্যক্তিগত পার্টিতে গান গাইতে গিয়ে তার মনে হয়েছিল, তিনি আর হয়তো জীবিত দেশে ফিরতে পারবেন না।

কুমার শানু জানান, নব্বইয়ের দশকে দুবাই থেকে এক কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের পক্ষ থেকে তাঁর কাছে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ আসে। তখনকার প্রেক্ষাপটে সেই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বা ‘না’ বলার মতো কোনো সুযোগ বা সাহস শিল্পীদের ছিল না। পরিস্থিতির চাপে পড়ে জীবন হাতে নিয়েই তাঁকে সেই অনুষ্ঠানে অংশ নিতে হয়েছিল।

অনুষ্ঠানস্থলে পৌঁছে চারপাশের পরিস্থিতি দেখে কুমার শানুর আতঙ্ক বহু গুণে বেড়ে যায়। সেখানে থাকা কঠোর নিরাপত্তা ব্যবস্থা, থমথমে পরিবেশ এবং অপরাধজগতের মানুষের উপস্থিতি তাঁকে চরম মানসিকভাবে বিচলিত করে তোলে। অভিজ্ঞতা শেয়ার করে কুমার শানু বলেন, "আমি তো রীতিমতো প্রাণ হাতে করে গিয়েছিলাম। সত্যিই ভীষণ ভয়ে ছিলাম।" চারপাশের চরম অনিশ্চয়তা এবং ভয়ে প্রতি মুহূর্তে তাঁর মনে হচ্ছিল, যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে এবং তিনি হয়তো আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন না।

কোনোমতে নিজের পারফরম্যান্স শেষ করেন কুমার শানু। অনুষ্ঠান শেষ করে দুবাই থেকে নিরাপদে ভারতে ফিরে আসার পরই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। নব্বইয়ের দশকের সেই ভয়ানক স্মৃতি আজও তাঁর মনে গভীর আতঙ্কের ছাপ ফেলে রেখেছে।