কাঁধে চোট জুনিয়র এনটিআরের, বিশ্রামে অভিনেতা
জুনিয়র এনটিআর। ছবি: সংগৃহীত
চোট পেয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর। গত সোমবার সন্ধ্যায় তিনি কাঁধে আঘাত পান বলে তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে এই ঘটনায় ভক্তদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে ধৈর্য ধরার বার্তা দেওয়া হয়েছে।
৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ : আঘাত পাওয়ার পর পরই অভিনেতার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসক জে মধুসূদন রাও এবং চিকিৎসক আরএ পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ মেডিক্যাল টিম তাঁকে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন, যাতে তিনি দ্রুত ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।
অভিনেতার টিম থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের নজরদারি রয়েছে পুরোপুরি। অভিনেতার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সার্বক্ষণিক কড়া নজর রাখছেন। প্রয়োজন অনুযায়ী অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য অনুরাগীদের জানানো হবে। এই সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের নিরন্তর ভালোবাসা ও সমর্থনের প্রতি বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।
আটকে গেল ‘ড্রাগন’-এর কাজ? : সম্প্রতি পরিচালক প্রশান্ত নীলের হাই-ভোল্টেজ চলচ্চিত্র ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই চোট সরাসরি সিনেমার শুটিং সেটে লেগেছে কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এক নজরে ‘ড্রাগন’: ২০২২ সালে ঘোষিত এই ছবিটির শুটিং ২০২৫ সালের অগস্টে হায়দরাবাদে শুরু হয়। ২০২৭ সালের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি এই চলচ্চিত্রে জুনিয়র এনটিআর ছাড়াও অনিল কপূর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর ও আশুতোষ রানার মতো একঝাঁক তারকা অভিনয় করছেন।