সাই পল্লবীর কাস্টিং নিয়ে প্রতিক্রিয়া দীপিকা চিখলিয়ার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:২৮ এএম
Main News Image

বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির মেগা বাজেট ছবি ‘রামায়ণ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর এবং সীতা চরিত্রে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর কাস্টিং নিয়ে বেশ চর্চা চলছে। এবার এই ছবিতে সাই পল্লবীর অভিনয় এবং সীতার রূপ নিয়ে নিজের মন্তব্য তুলে ধরলেন রামানন্দ সাগরের কালজয়ী টিভি ধারাবাহিক ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেত্রী দীপিকা চিখলিয়া।

এক সাক্ষাৎকারে সাই পল্লবীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করলেও সীতা চরিত্রে তাঁকে কতটা মানাবে, তা নিয়ে কিছুটা কৌতূহল প্রকাশ করেছেন দীপিকা। তিনি বলেন, “আমি সাই পল্লবীর কাজ দেখেছি, তিনি অসাধারণ একজন অভিনেত্রী। তবে সীতার চরিত্রে তাঁকে কেমন দেখাবে, তা ছবি দেখার পরেই বোঝা যাবে। তুলসীদাসের রামায়ণে সীতার একটি স্পষ্ট বিবরণ রয়েছে—যেখানে তাঁর চোখ, উচ্চতা, চুল এবং গায়ের রঙের নির্দিষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। রামানন্দ সাগরও ঠিক তেমন রূপই খুঁজছিলেন এবং আমার মধ্যে তা পেয়েছিলেন।”

সাই পল্লবীর লুক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দীপিকা আরও যোগ করেন, “রামায়ণে কোঁকড়ানো চুলের কোনো সীতার উল্লেখ নেই।” তবে সিনেমাটি না দেখে আগেভাগেই কাউকেও বিচার করতে চান না বলে জানান তিনি।

ছবিতে ‘রাবণ’ চরিত্রে অভিনয় করতে যাওয়া দক্ষিণী তারকা যশকে নিয়েও কথা বলেছেন দীপিকা। তাঁর মতে, রাবণ চরিত্রটি ফুটিয়ে তোলার মতো যথেষ্ট প্রতিভা যশের রয়েছে। তবে দর্শক এখনও রামানন্দ সাগরের কালজয়ী ধারাবাহিকের সঙ্গে নতুন কাজের তুলনা করবেন, কারণ সেই স্মৃতি মানুষের হৃদয়ে আজও জীবন্ত। তা সত্ত্বেও ‘রামায়ণ’ ছবির পুরো টিমকে শুভকামনা জানান তিনি।

উল্লেখ্য, নমিত মালহোত্রা প্রযোজিত নীতেশ তিওয়ারির এই দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে বড় তারকাদের উপস্থিতি দেখা যাবে। রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশ ছাড়াও হনুমান চরিত্রে সানি দেওল, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে ও শূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করছেন। বড় ক্যানভাসের এই ছবিটির প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্বটি আগামী বছরের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।