‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর গ্র্যান্ড ফিনালে মাতালেন জয়া আহসান

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ এএম
Main News Image

বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর জুলাই পর্বের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বিশেষ এই পর্বটি আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।

সম্প্রতি অনুষ্ঠিত এই পর্বের শুটিংয়ে জয়া আহসানের উপস্থিতিতে পুরো সেটে যেন উৎসবের হাওয়া বয়ে যায়। তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশনা সবার মন জয় করে নেয়। জনপ্রিয় গান ‘আমি মিস ক্যালকাটা’ ও ‘সোহাগ চাঁদ’-এর তালে তাঁর অসাধারণ নাচ ও পারফরম্যান্স সেটে তৈরি করে দারুণ এক আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার আন্তরিক কথোপকথন ও জমজমাট আড্ডা এই পর্বটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পর্দায় তাঁদের সহজ-স্বাভাবিক রসায়ন দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে যাচ্ছে।

তবে শুধু বিনোদনেই সীমাবদ্ধ ছিলেন না জয়া। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের চার প্রতিযোগীর সঙ্গেও বেশ কিছুটা সময় কাটান তিনি। তাদের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং সাফল্যের গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অনুপ্রাণিত করেন। সব মিলিয়ে জয়া আহসানের ছোঁয়ায় এই বিশেষ পর্বটি পেয়েছে এক অন্যরকম আবেগের মাত্রা।