জিতেন্দ্রর ৪ লাখের পালি হিলসের বাংলোর দাম কত এখন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম
Main News Image

যে বাড়িটিকে একসময় 'অপয়া' ও 'অভিশপ্ত' ভেবে ছেড়ে চলে গিয়েছিলেন, আজ সেটিই মুম্বাইয়ের অন্যতম মহার্ঘ সম্পত্তিতে পরিণত হয়েছে। সম্প্রতি বর্ষীয়ান বলিউড অভিনেতা জিতেন্দ্র তুলে ধরলেন তাঁর মুম্বাইয়ের পালি হিলসের বিখ্যাত বাংলোটি কেনার গল্প এবং কীভাবে সেই সামান্য টাকার সম্পত্তি আজ শতকোটি টাকার সম্পদে রূপ নিয়েছে।

২০/১০ ঘরের জীবন থেকে পালি হিলসের বাংলো : এক সাক্ষাৎকারে অতীত স্মৃতি হাতড়ে জিতেন্দ্র জানান, তিনি একটি অত্যন্ত নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। একসময় মাত্র ২০ বাই ১০ ফুটের একটি ছোট ঘরে পরিবারের ৮ জন সদস্য মিলে থাকতেন তাঁরা।

সেই সময়েই বাইজু বাওরা খ্যাত তৎকালীন জনপ্রিয় অভিনেতা ভারত ভূষণ আর্থিক অনটনে পড়ে নিজের পালি হিলসের বাড়িটি বিক্রি করার প্রস্তাব নিয়ে আসেন জিতেন্দ্রর কাছে। জিতেন্দ্র তাঁর বাবার সঙ্গে পরামর্শ করলে তিনি অবিলম্বে বাংলোটি কেনার সম্মতি দেন। মাত্র ৪.২৫ লাখ টাকায় ৩৪৫০ স্কয়ার ফুটের এই জমি ও বাংলোটি কেনা হয়। নিম্ন-মধ্যবিত্ত জীবনযাপন থেকে এসে পালি হিলসের মতো অভিজাত এলাকায় বাংলো কেনা সে সময় তাঁদের জন্য ছিল এক বিশাল স্বপ্নপূরণ।

পর পর ফ্লপ ছবি এবং 'অভিশপ্ত' তকমা : বাংলোটি কেনার পর থেকেই জিতেন্দ্রর ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে শুরু করে। এতে মনে গভীর ভয় ও কুসংস্কার দানা বাঁধতে থাকে অভিনেতার। জিতেন্দ্র মনে করতে শুরু করেন বাড়িটি আদ্যোপান্ত অপয়া। বাবাকে তিনি সরাসরিই বলে বসেন, "ভারত ভূষণ পালিয়েছেন, এবার আমার পালা। এখানে থাকলে ক্যারিয়ার ঠিকভাবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।" কেরিয়ার বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত সেই বাংলো ছেড়ে বেরিয়ে আসেন তারা।

কাঠ বিক্রি করেই বিপুল লাভ ও পুনর্নির্মাণ : পরবর্তী সময়ে এই জায়গাটি পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেন জিতেন্দ্র। পুরোনো বাড়িটি ভেঙে নতুন আবাসন তৈরির সময় আগের বাড়ির শাল কাঠ বিক্রি করেই তিনি পান ১১.৫ লাখ টাকা—যা পুরো সম্পত্তিটি কেনার মূল দামের (৪.২৫ লাখ টাকা) প্রায় তিন গুণ! এরপর সেখানে আবাসন বা ফ্ল্যাট নির্মাণ করে সে সময়ে প্রতি স্কয়ার ফুট ৮৫ টাকা দরে ফ্ল্যাটগুলো বিক্রি করে দেন তিনি।

৪.২৫ লাখ থেকে ৪৫০ কোটি! : সময়ের ব্যবধানে মুম্বাইয়ের পালি হিলসের জমির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। যে সময়ে সেখানে প্রতি স্কয়ার ফুট ৮৫ টাকায় বিক্রি হয়েছিল, আজ সেখানে প্রতি স্কয়ার ফুটের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৫,০০০ টাকা।

একসময় মাত্র ৪.২৫ লাখ টাকায় কেনা সেই বাংলোর কেবল জমির দামই এখন আনুমানিক ৪৫০ কোটি টাকা! একসময়ের 'অভিশপ্ত' তকমা পাওয়া সেই ভিটেই আজ বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর জীবনের অন্যতম সেরা ও লাকি সম্পত্তিতে পরিণত হয়েছে।