ককরোচ জনতার পাশে আলিয়া ভাট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম
Main News Image

প্রশ্নফাঁস রোধ ও শিক্ষা ব্যবস্থার ইতিবাচক সংস্কারের দাবিতে চলা ককরোচ জনতা পার্টির (সিজেপি ) আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে এবার সুর মেলালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেতা সলমন খানের অভিনন্দনের পরদিনই আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান।

শিক্ষার্থীদের সাহসের প্রশংসা ও সমাজকে প্রশ্ন : সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আলিয়া ভাট শিক্ষার্থীদের ত্যাগ ও প্রতিবাদের তীব্র প্রশংসা করেন। তিনি লেখেন, "বিগত কয়েক দিন ধরেই হৃদয় বারবার ভাঙছে, আবার আশা দিয়ে সেটাকে গড়ছি। প্রতিটি ছাত্র যাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন, তাঁরা তাঁদের স্বপ্ন, পরিবারের আশা ও একাধিক স্যাক্রিফাইসের হিসেব বুঝে নিতে পথে নেমেছেন। তাঁরা কেবল নিজেদের প্রতিনিধিত্ব করছেন না, যাঁরা তাঁদের সমর্থন করেছেন তাঁদের সকলের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের পর যাঁরা আসবেন, তাঁদের জন্য একটা ভাল ও সুগম পথ তৈরি করছেন।’

শিক্ষার্থীদের এই রাজপথের লড়াই পুরো সমাজের প্রতি এক বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে উল্লেখ করে আলিয়া আরও বলেন, "ওঁদের সাহস দেখে আমি মুগ্ধ। ওঁদের এই প্রতিবাদ যেন আমাদের সামনে আয়না দেখাচ্ছে—প্রশ্ন তুলছে, আমরা কি আদৌ সত্যি সত্যি তাঁদের কথা শুনছি যারা আমাদের দেশের ভবিষ্যৎকে আকার দিচ্ছে?"

তারকারাও সোচ্চার সিজেপি আন্দোলনে : চলমান এই আন্দোলনের পক্ষে কেবল আলিয়া ভাট একাই নন, গোটা বলিউড থেকেই সমর্থন আসছে। এর আগে সালমান খানও সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থনে একটি স্পষ্ট বক্তব্য পেশ করেন। প্রশ্নফাঁসের মতো সংবেদনশীল ইস্যু তুলে ধরে তিনি শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ পথকে সাধুবাদ জানান এবং শিক্ষাকেই দেশের মূল 'ট্রেন্ড ও ফ্যাশন' হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সালমান আরও উল্লেখ করেন, এই আন্দোলন শিক্ষা ও শিক্ষার্থীদের বিষয়, তাই এতে কোনো রাজনৈতিক রঙ না লাগিয়ে সরকারের উচিত তাঁদের কথা শোনা।

উল্লেখ্য, যন্তর মন্তরে আয়োজিত আন্দোলনে ইতোমধ্যে সরাসরি উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ ও অমল পরাশরের মতো গুণী শিল্পীরা। মুম্বইয়ের প্রতিবাদী কর্মসূচিতে উরফি জাভেদ, আয়েশা খানসহ অনেকেই সামিল হয়েছেন।

নিজের পোস্টের শেষে আলিয়া ভাট দৃঢ়তার সঙ্গে জানান, "স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের পাশে। ভবিষ্যৎ ওঁরাই। জয় হিন্দ।"