সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ খ্যাত অভিনেত্রী কেলি হটল নিহত

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম
Main News Image

হলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ অভিনেত্রী কেলি হটল (Kaylee Hottell)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই কেলিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর হৃদস্পন্দন থেমে যায়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেলির বাবা জোশুয়া হটল আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের (ASL) মাধ্যমে মেয়ের অকালমৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জন্ম থেকেই বধির কেলি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'Godzilla vs. Kong' ছবিতে 'জিয়া' চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। পরবর্তীতে ২০২৪ সালের 'Godzilla x Kong: The New Empire' ছবিতেও তাঁকে দেখা যায়। দ্বিতীয় ছবিটিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি 'সেরা টিনএজার অভিনেতা' বিভাগে মনোনয়নও পেয়েছিলেন।

শুধু অভিনয় নয়, কেলি হলিউডের বধির শিল্পীদের অধিকার ও সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করতেন। এত অল্প বয়সে এই উদীয়মান তারকার প্রয়াণে তার অনুরাগী ও গোটা হলিউড ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ।