সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ এর টাইটেল স্পন্সর টেকনো
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা আজ ঢাকার শেরাটন হোটেলে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিসিয়াল ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচনের পাশাপাশি টেকনো-কে এই আসরের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার শীর্ষ জাতীয় ফুটবল দলগুলো অংশ নেবে। ফুটবলের প্রতি এই অঞ্চলের ভালোবাসাকে উদযাপন করার পাশাপাশি এই আসর পারস্পরিক বন্ধুত্ব, ফুটবলের বিকাশ এবং আঞ্চলিক ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), ঘাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ), টেকনো-এর বৈশ্বিক ও বাংলাদেশ শাখার নেতৃত্ব, জাতীয় দলের প্রতিনিধিরা, কূটনৈতিক মহল, গণমাধ্যম এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটররা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাফ-এর সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্রেল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ভিশন তুলে ধরেন, টুর্নামেন্টের অফিসিয়াল ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেন এবং টেকনো-কে আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেন।
তিনি বলেন, "সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ মঙ্গ, যেখানে আমাদের সদস্য দেশগুলো প্রতিযোগিতা, বন্ধুত্ব এবং ফুটবলের প্রতি সবার ভালোবাসার মাধ্যমে একত্রিত হয়। আজ সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর পরিচিতি উন্মোচনের পাশাপাশি আমরা টেকনো-কে টাইটেল স্পন্সর হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এই সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, একসঙ্গে আমরা এমন একটি আসর উপহার দিতে পারব যা কোটি কোটি সমর্থককে অনুপ্রাণিত করবে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।"
অফিসিয়াল লোগো উন্মোচনের পর সাফ ও টেকনো-এর মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর ও বিনিময় অনুষ্ঠিত হয়, যা দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
রেকর্ডকৃত ভিডিও বার্তায় টেকনো-এর জেনারেল ম্যানেজার জ্যাক গুয়াও ফুটবলের প্রতি ব্র্যান্ডটির দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, "ফুটবল এমন একটি খেলা, যা সীমান্ত ও সংস্কৃতির ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একত্রিত করে। সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে টেকনো-এর বৈশ্বিক ফুটবল যাত্রা আরও একধাপ এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত। দক্ষিণ এশিয়ার কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে আমরা উন্মুখ।"
টেকনো বাংলাদেশ-এর পক্ষ থেকে আই স্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব রেজওয়ানুল হক বলেন, "ফুটবল টেকনো-এর বৈশ্বিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে, কারণ এই খেলাটি আমাদের আবেগ, দৃঢ়তা এবং বড় স্বপ্ন দেখার সাহস প্রতিফলিত করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায়, সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের ব্র্যান্ড স্পিরিট 'স্টপ অ্যাট নাথিং' ধারণ করে, আমরা সাফ ও বিএফএফ-এর সঙ্গে একযোগে এমন একটি চ্যাম্পিয়নশিপ আযোজনের প্রত্যাশা করি, যা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে, মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলবে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রেখে যাবে।"
বাংলাদেশকে স্বাগতিক দেশ হিসেবে তুলে ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সহ-সভাপতি জনাব ফাহাদ করিম, বলেন "সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ আয়োজন করা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং দেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা নভেম্বরের সেই মহাযাত্রার সূচনা করলাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বাংলাদেশে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই টুর্নামেন্ট ফুটবল, বন্ধুত্ব ও আঞ্চলিক ঐক্যের এক অনন্য উদযাপন হবে। টেকনো-কে টাইটেল স্পন্সর হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সাফ, সদস্য দেশগুলো এবং আমাদের সকল অংশীদারের সঙ্গে মিলে আমরা একটি স্মরণীয় আসর উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
সাফ চ্যাম্পিয়নশিপে টাইটেল স্পন্সর হিসেবে টেকনো-এর সম্পৃক্ততা ব্র্যান্ডটির বৈশ্বিক ফুটবল যাত্রারই ধারাবাহিকতা। এর আগে টেকনো ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব, সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস এবং এএফসি ক্লাব প্রতিযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল আযোজনে সম্পৃক্ত ছিল। বাংলাদেশেও টেকনো এর আগে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করেছে, যা দেশের ফুটবলের উন্নয়ন এবং সমর্থকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রতি ব্র্যান্ডটির অঙ্গীকারেরই প্রতিফলন।
আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এখন শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর ক্ষণগণনা। টাইটেল স্পন্সর হিসেবে টেকনো, সাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসরকে উদযাপন করতে এবং আগামী নভেম্বরে পুরো অঞ্চলের ফুটবলপ্রেমীদের একত্রিত করতে কাজ করবে।