লালবাগে অনুষ্ঠিত হলো ইন্টার ডি গুয়েরিয়ান ফুটবল টুর্নামেন্ট
রোমাঞ্চকর টাইব্রেকারে চ্যাম্পিয়ন ডি ভায়োলেট ভ্যানগার্ড
রাজধানীর লালবাগের ঐতিহ্যবাহী দেলোয়ার হোসেন খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইন্টার ডি গুয়েরিয়ান ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-৬)।
শুক্রবার আজিমপুরভিত্তিক ফুটবল ক্লাব ডি গুয়েরা এফসি আয়োজিত দিনব্যাপী এই সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় মোট ছয়টি দল। টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় ডি ভায়োলেট ভ্যানগার্ড।
প্রাথমিক পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেয়।
প্রথম সেমিফাইনালে ডি ভায়োলেট ভ্যানগার্ড ও ডি গ্রিন ফ্যালকনের মধ্যকার লড়াই নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরে রোমাঞ্চকর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে ডি ভায়োলেট ভ্যানগার্ড।
অন্য সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ডি হোয়াইট ইনভিন্সিবল ৩-১ ব্যবধানে ডি ব্ল্যাক ব্যাটালিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে।
ফাইনালেও ছিল চরম উত্তেজনা। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে ডি ভায়োলেট ভ্যানগার্ড দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ডি হোয়াইট ইনভিন্সিবলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ব্যক্তিগত পুরস্কারে ডি হোয়াইট ইনভিন্সিবলের তনয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ডি ব্ল্যাক ব্যাটালিয়নের নাহিদ সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পান। আর ডি হোয়াইট ইনভিন্সিবলের জাহির নির্বাচিত হন সেরা গোলরক্ষক।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন দেলোয়ার হোসেন খেলার মাঠের সভাপতি রবিন হোসেন।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্বিভাষিক মাসিক ম্যাগাজিন ও অনলাইন পোর্টাল ‘ঢাকা হেরাল্ড’।
২০০৯ সালে প্রতিষ্ঠিত আজিমপুরের অন্যতম পরিচিত ফুটবল সংগঠন ডি গুয়েরা এফসি স্থানীয় তরুণদের নিয়ে নিয়মিত ফুটবল কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০১৬ সাল থেকে ক্লাবটি ধারাবাহিকভাবে ইন্টার ডি গেরিয়ান ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।
বর্তমানে ক্লাবের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক মোশাহিদ ওমর, সহ-সভাপতি কাজী আশিক-উল-ইসলাম, আশরাফ আদনান ও মাজহারুল ইসলাম মিঠু। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ আর রাসেল এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আনিস অর্গানাইজিং কমিটিতে আছে মঈন, পূর্ণ এবং সনি।