ভালোবাসায় যোগ্যতা

শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৩৭ এএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০১:৪৩ এএম
Main News Image

যার কথায় মুগ্ধতা নেই, যার উপস্থিতিতে হৃদয়ে কোনো আলোড়ন সৃষ্টি হয় না তার সঙ্গে ভালোবাসার পথ খুব বেশি দূর এগিয়ে নেওয়া কঠিন। আবার এমন কিছু মানুষও থাকে, যাদের সঙ্গে দু’টি কথা বললেই মনে হয় তারা যেন জীবনের প্রয়োজনীয় অক্সিজেনের মতো। তাদের সান্নিধ্য ক্লান্ত মনকে প্রশান্তি দেয়, হৃদয়ে নতুন শক্তি সঞ্চার করে।

ভালোবাসার অযোগ্য মানুষের কাছে সততা, আন্তরিকতা কিংবা বিশ্বাসের মূল্য অনেক সময়ই অর্থহীন হয়ে পড়ে। কারণ ভালোবাসা কখনো একতরফা অনুভূতির নাম নয়; এটি পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও অনুভবের সম্পর্ক। যে ভালোবাসা আপনার আত্মার সঙ্গে মেলে না, যে সম্পর্ক আপনাকে পূর্ণতা দেয় না সেখান থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয়।

আমরা অনেক সময় ভুল মানুষের কাছে নিজের আবেগ উজাড় করে দিই, অথচ যাদের কাছে হৃদয়ের দরজা খোলা প্রয়োজন, তাদের কাছেই অজান্তে তালা মেরে রাখি। সত্যিকারের ভালোবাসা শুধু কাছে থাকার বিষয় নয়; এটি অনুভব করার বিষয়। একে অপরের উপস্থিতি, কণ্ঠস্বর, এমনকি গায়ের পরিচিত গন্ধও যদি দূরত্ব পেরিয়ে অনুভব করা না যায়, তবে সেই সম্পর্কের গভীরতা কোথায়? প্রিয় মানুষটি সামনে দাঁড়ালে তার চোখের ভাষা, মনের অবস্থা, না বলা কথাগুলো যদি বোঝা না যায় তবে সেটি কেবল পরিচয়, ভালোবাসা নয়।

ভালোবাসার প্রকৃত অর্থ হলো ‘তুমি’ আর ‘আমি’ থেকে ধীরে ধীরে ‘আমরা’ হয়ে ওঠা। প্রতিটি মুহূর্তে একে অপরের অনুভূতি, আনন্দ-বেদনা ও স্বপ্নকে ধারণ করার নামই ভালোবাসা।

তবে বাস্তব জীবনে অনেক সম্পর্কের মধ্যেই দেখা যায় দ্বিচারিতা। বিশেষ করে মধ্যবিত্ত জীবনের অনেক ভালোবাসার প্রকাশ কখনো কখনো সামাজিকতা, প্রয়োজন কিংবা মুখোশের আড়ালে ঢাকা পড়ে যায়। ইংরেজিতে যাকে বলা হয় ‘হিপোক্রেসি’, আর আরবি ভাষায় যাকে বলা হয় ‘মুনাফেকি’ সেই ভণ্ডামি ভালোবাসার স্বচ্ছতাকে নষ্ট করে দেয়।

সুখ কোনো ওষুধের নাম নয়, কোনো জাদুকরী বস্তু নয় যা গ্রহণ করলেই মানুষ সারাজীবন সুখের সাগরে ভেসে থাকবে। জীবনের পথে চলতে চলতে অনেক অর্জন আসে, অনেক শিক্ষা পাওয়া যায়, কিন্তু মনের মানুষটির অপূর্ণতা অনেক সময় থেকেই যায়। সে যেন ছায়ার মতো সবসময় পাশে থাকে, তার অস্তিত্ব অনুভব করা যায়, অথচ তাকে সম্পূর্ণভাবে পাওয়া যায় না। ছায়াকে চোখে দেখা যায়, কিন্তু মায়াকে শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়।

নিজের অবস্থান সম্পর্কে আমার ধারণা পরিষ্কার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ অনেক বেশি সাহসী হয়ে ওঠে; তখন অন্ধকারকেও আর আগের মতো ভয় লাগে না। আমার সন্তানেরাও আমাকে সহজভাবে গ্রহণ করে, আমার চিন্তা ও সিদ্ধান্তের প্রতি তাদের রয়েছে সম্মান।

জীবনের কঠিন সময়ে দুঃখ ভাগ করে নেওয়ার জন্য হলেও একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন হয়। কারণ সম্পর্ক কোনো বোতলে রাখা ওষুধ নয়, যা প্রয়োজনমতো ঝাঁকিয়ে আবার ব্যবহার করা যাবে। একটি সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসার ওপর নয়; এর ভিত্তি হলো আন্তরিকতা, সম্মান, বিশ্বাস ও স্বচ্ছতা।

সত্যিকারের ভালোবাসা সেই সম্পর্ক, যেখানে দু’জন মানুষ একে অপরকে পরিবর্তন করার চেষ্টা করে না; বরং একে অপরকে বুঝতে শেখে, সম্মান করে এবং জীবনের পথচলায় পাশে থাকে।

(লেখক: শরীফুল আলম। কলামিস্ট, সংবাদ বিশ্লেষক ও কবি। বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার কর্পোরেশন ইউএসএ, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র)