প্রাণনাশের হুমকি সৌরভ ও ডোনা গাঙ্গুলীকে : তদন্তে কলকাতা পুলিশ
ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আসা হুমকিসূচক চিঠির পর, গতকাল দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী।
হুমকির ধরন ও এজাহার
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিগত প্রায় ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলীর নামে এ ধরনের বেনামী চিঠি আসছিল। শুরুতে বিষয়টি ততটা আমলে না নেওয়া হলেও, সম্প্রতি তাঁর কার্যালয়ে আসা দুটি চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের পরিবার ও ঘনিষ্ঠদের মারাত্মক ক্ষতি করার বার্তা দেওয়া হয়। এরপরই সৌরভ গাঙ্গুলীর ব্যবস্থাপক ঠাকুরপুকুর থানায় গিয়ে আনুষ্ঠানিক পুলিশি এজাহার দায়ের করেন।
তদন্তে পুলিশের অগ্রগতি
অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, হুমকি দেওয়া চিঠি দুটি সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছিল।
কুরিয়ার বুকিং ও প্রেরকের সাথে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন মোবাইল নম্বর ও সিম কার্ড শনাক্ত করা হয়েছে। বর্তমানে নম্বরটির অবস্থান ও গতিবিধি বের করতে নজরদারি চালানো হচ্ছে।
চিঠির পার্সেল ও প্রেরকের তথ্য সংগ্রাহে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চিঠির ভাষা, কুরিয়ারের নথি ও পার্সেল বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। চিঠিগুলো একই ব্যক্তির পাঠানো নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।