বাংলাদেশ-ভুটান প্রস্তুতিমূলক ম্যাচ ২৬ ও ২৭ আগস্ট

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ এএম
Main News Image

আসন্ন ২০তম এশিয়ান গেমস-২০২৬ সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের আরচ্যারদের মধ্যে দুই দিনব্যাপী প্র্রস্তুতিমূলক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ আগস্ট ২০২৬ টঙ্গীর Archery Training Academy (ATA)-তে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ভুটান জাতীয় আরচ্যারী দল বাংলাদেশে সফর করছেন। ভুটানের আরচ্যারী দলটি মোট ১০ সদস্যের, যেখানে রয়েছেন ৬ জন পুরুষ ও ১ জন নারী আরচ্যার, ১ জন পুরুষ ও ১ জন নারী কোচ এবং ১ জন পুরুষ কর্মকর্তা (Programme Officer)।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের আমন্ত্রণে ভুটান দলটি বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন। ভুটান অলিম্পিক কমিটির তথ্য অনুযায়ী, এ সফরের মূল লক্ষ্য হলো আসন্ন Aichi-Nagoya 2026 Asian Games-এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন, নিজেদের প্রস্তুতি যাচাই এবং প্রতিযোগিতার চাপের মধ্যে নিজ নিজ পারফরম্যান্স মূল্যায়ন করা।

বাংলাদেশের আরচ্যারীর সাম্প্রতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের প্রেক্ষাপটে ভুটান দলের এই সফর দুই দেশের আরচ্যারদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রস্তুতি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বাংলাদেশ চলতি বছর আন্তর্জাতিক পর্যায়েও ভুটানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের আরচ্যারবৃন্দ সাফল্য অর্জন করেছেন।

দুই দিনের ফ্রেন্ডলি ম্যাচ উভয় দেশের আরচ্যারবৃন্দ প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বড় আসরের আগে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন আশা করছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন দুই দেশের আরচ্যারী সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং এশিয়ান গেমসের প্রস্তুতিতে উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।