আজ শুরু হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
আজ মঙ্গলবার বেলা ১২:০০ টায় হোম অব বিএসপিএ-তে ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আরচারি এশিয় ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন।
উল্লেখ্য, এবার ৮টি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে বিএসপিএ’র শতাধিক সদস্য অংশ নেবেন। ইভেন্টগুলো হলো-আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিকস (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। কার্নিভালের সব খেলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।