ঢাকায় ব্রাজিলের ফুটবল প্রতিনিধি দল
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল রবিবার, ২৩ আগস্ট ২০২৬, দুপুর ১টায় ঢাকায় আসে। সফরকালে প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়াম, ঢাকা এবং বসুন্ধরা কিসে অ্যারেনার বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করে। পাশাপাশি তারা কয়েকটি আবাসিক হোটেলও পরিদর্শন করেন।
জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ এবং সংলগ্ন বিভিন্ন সুবিধা পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি মাঠের মান এবং অবকাঠামো ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য গ্রহণযোগ্য বলে অভিমত প্রকাশ করেন। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোনের পাশাপাশি প্রবেশ ও বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে তারা জানান। প্রতিনিধি দলটি এটাও মনে করে, এসব উন্নয়ন স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব।
প্রতিনিধি দলটি সোমবার রাত ১:৪০ মিনিটে ঢাকা ত্যাগ করে। তারা চলতি সপ্তাহেই তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে জানাবে বলে, জানিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্রুতই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে করবে। বৈঠকে ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ এবং ভবিষ্যতে বাংলাদেশকে তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
জাতীয় স্টেডিয়ামের মাঠ উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যে সংস্কারকাজ করেছে, প্রতিনিধি দলের ইতিবাচক মূল্যায়নকে সেই উদ্যোগের সফলতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে বাফুফে। আন্তর্জাতিক দল ও খেলোয়াড়দের জন্য জাতীয় স্টেডিয়ামকে আরও উপযোগী করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও কাজ করার পরিকল্পনা করবে।
সফরের শেষ পর্যায়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, মাঠ ও পিচ ডেভেলপমেন্ট, যৌগ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্দের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাজিলের প্রতিনিধি দলের সদস্যরা। তারা উল্লেখ করেন, অতীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্রাজিলের প্রীতি ম্যাচে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তারা লক্ষ্য করেছেন। বাংলাদেশে ব্রাজিল জাতীয় দল খেলতে এলে এখানকার ফুটবলপ্রেমীদের কাছ থেকেও একই রকম সমর্থন ও ভালোবাসা পাওয়া যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে করে, এই সফর দুই দেশের ফুটবলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্না ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।