মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:১১ এএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ এএম
Main News Image

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের একটি সুপ্রাচীন সংগঠন, যার সদস্যসংখ্যা প্রায় তিনশ। প্রতি বছরের মতো এবারও বিএসপিএ আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬। এবারও বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’। 

এ উপলক্ষে রবিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় হোম অব বিএসপিএতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। 

আয়োজকরা আরো জানান, এবার ৮ ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো— আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।