সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকতে হবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
Main News Image

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে এবং অপশক্তি যাতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার তাগিদ দেন তিনি। আজ সকালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। তবে সময়ে সময়ে 'কংস' চরিত্রের মানুষেরা রাষ্ট্র ও সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশের গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখন দেশ পুনর্গঠনের যাত্রা শুরু হয়েছে।

সমাজ ও রাষ্ট্রের বৈচিত্র্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলনই একটি বৈচিত্র্যময় সমাজের প্রকৃত সৌন্দর্য। বর্তমান গ্লোবাল ভিলেজে 'সংখ্যালঘু' কিংবা 'সংখ্যাগুরু' পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, ইউরোপ বা আমেরিকা সফরে গেলে আমরা সবাই 'সংখ্যালঘু' হিসেবে বিবেচিত হই। তাই রাষ্ট্র ও সমাজে ধর্ম বা বর্ণের পরিচয় যেন কোনো অবস্থাতেই বিভেদ ও বৈষম্যের কারণ হয়ে না দাঁড়ায়।

সবাইকে একসূত্রে বাঁধার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সংখ্যালঘু' বা 'সংখ্যাগুরু' বিভাজন ভুলে আমাদের সকলের মূল ও গর্বিত পরিচয় হওয়া উচিত 'আমরা বাংলাদেশী'। দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ রাখতে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন 'বাংলাদেশী জাতীয়তাবাদ'-এর ওপর গুরুত্বারোপ করে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।