প্রতিশোধ নয়, দেশের উন্নয়নে এগিয়ে যেতে চান তারেক রহমান: রুমন
এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ওই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তারেক রহমান বয়ে বেড়াচ্ছেন। তবে প্রতিশোধের পথে না গিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে চান প্রধানমন্ত্রী।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আতিকুর রহমান রুমন বলেন, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস। তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের চিহ্ন এখনও তিনি বহন করছেন।
তিনি বলেন, তারেক রহমান নিজেই বলেছেন, তিনি সেই দুঃসহ দিনগুলোর কথা মনে রাখতে চান না। কারণ, সেসব স্মৃতি মনে রেখে প্রতিশোধ নিতে গেলে তা শেষ হতে দীর্ঘ সময় লাগবে। এতে জনগণ তাকে যে প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী করেছে, সেই লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হবে।
রুমন বলেন, দুঃসহ স্মৃতিগুলো পেছনে ফেলে দেশের উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যেতে চান তারেক রহমান। একই সঙ্গে তার ভালো কাজগুলো যাতে ষড়যন্ত্রের কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের ভালো উদ্যোগগুলো সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ অন্যরা। এতে উত্তরাঞ্চলের ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস