নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ, ছাদভিত্তিক সৌরবিদ্যুতে তিন বছর প্রণোদনা
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এ ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট সৌরবিদ্যুতের জন্য গ্রাহকরা ১০ টাকা ৫০ পয়সা পাবেন।
এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, নতুন প্রণোদনা ব্যবস্থা ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। কোনো গ্রাহক এর চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লাভ হিসেবে বিবেচিত হবে।
নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারী গ্রাহকরা এ সুবিধা পাবেন। নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে তারা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাবেন।
প্রণোদনার অর্থ প্রতি তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। নগদে কোনো অর্থ দেওয়া হবে না।
তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থায় এ বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না। সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সব সরঞ্জাম বিএসটিআই ও স্রেডার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে।
সরকারের আশা, এ উদ্যোগ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র : বাসস