শুভ জন্মদিন বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি গঠন করেছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি নয়াপল্টনসহ দেশব্যাপী পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা চালুর পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণ এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্দেশ্যে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ১৯ দফা কর্মসূচি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা দলটিকে দ্রুত জনপ্রিয় করে তোলে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের রাজনীতিকে মূল ভিত্তি ধরে দলটি তার কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি উল্লেখ করেন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছে। বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।
বাণীতে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। একই সঙ্গে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জীবন উৎসর্গকারী ও নির্যাতিত নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি জনকল্যাণমূলক, জবাবদিহিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের শীর্ষ নেতাবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশব্যাপী বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির সমান্তরালে সারা দেশের জেলা ও মহানগর ইউনিটগুলোতেও অনুরূপ আলোচনা ও শুভানুধ্যায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।