নখের যত্ন: ছত্রাক সংক্রমণ থেকে বাঁচার সহজ উপায়
ভাদ্র মাসের বিষম গরম আর কাদা-জমা জল শুধু বিরক্তির কারণ নয়, বরং ত্বকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকিও বাড়ায়। বিশেষ করে হাত ও পায়ের নখে এ সময় ফাঙ্গাল ইনফেকশন বেশি দেখা দেয়। ফলে নখের চারপাশে চুলকানি, র্যাশ বা লালচে ভাব দেখা দেয় এবং নখ ভঙ্গুর হয়ে সহজে ভেঙে যায়। স্যাঁতসেঁতে এই আবহাওয়া ও দূষিত জল থেকে নখকে সুরক্ষিত রাখতে কিছু প্রাকৃতিক উপায় মেনে চলতে পারেন।
টি ট্রি ও নারকেল তেল
টি ট্রি অয়েলে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান থাকে, যা সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তবে এটি সরাসরি ত্বকে না লাগিয়ে এক চা চামচ নারকেল তেলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমোনোর আগে নখ ও চারপাশের ত্বকে এই মিশ্রণ মেখে নিলে সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা যায়।
অ্যাপেল সিডার ভিনিগার
নখের শুষ্কতা দূর করার পাশাপাশি ছত্রাক বিনাশ করতে অ্যাপেল সিডার ভিনিগার বেশ উপকারী। সমপরিমাণ জল ও অ্যাপেল সিডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে তার মধ্যে ১০ থেকে ১৫ মিনিট হাত বা পায়ের আঙুল ডুবিয়ে রাখুন। নিয়মিত এটি করলে নখ ভেঙে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে।
মধু ও অলিভ অয়েল
নখ ও কিউটিকল মজবুত করতে এবং চারপাশের ত্বকের শুষ্কতা কমাতে মধু ও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নখের চারপাশে লাগিয়ে রাখুন। চটচটে ভাব এড়াতে চাইলে হালকা গরম জলে এক চা চামচ অলিভ অয়েল ও মধু মিশিয়ে তাতে ১০-১৫ মিনিট আঙুল ডুবিয়ে রাখতে পারেন।
অলিভ অয়েল ও রসুন
রসুনে প্রাকৃতিক অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা নখের সংক্রমণ দূর করতে সাহায্য করে। নখ অতিরিক্ত ভঙ্গুর হলে দুই কোয়া রসুন থেঁতো করে সামান্য অলিভ অয়েলে মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে নখ ও চারপাশের ত্বকে ভালোভাবে মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায়।