বধ করুন বদহজম!
খাওয়াদাওয়ায় অনিয়ম কিংবা হজমের সমস্যা হলে অনেকেই আমরা সাধারণ গ্যাস-অম্বল ভেবে ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি খোঁজার চেষ্টা করি। কিন্তু ঘন ঘন বদহজম, পেটে অস্বস্তি এবং বারে বারে জন্ডিসের লক্ষণ ফুটে উঠলে তা অবহেলা করা একেবারেই বিপজ্জনক। সাধারণ হজমের গণ্ডগোল ভেবে যা এড়িয়ে যাওয়া হয়, তা অনেক সময় অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের মারাত্মক ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
অগ্ন্যাশয়ের ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপ হলো 'প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা'। এই ব্যাধিটি শুরুতে শনাক্ত করা অত্যন্ত কঠিন, কারণ প্রাথমিক অবস্থায় এর লক্ষণগুলো খুবই সাধারণ বলে মনে হয় এবং অজান্তেই এটি শরীরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে কোনো স্পষ্ট কারণ ছাড়া বারে বারে জন্ডিসে আক্রান্ত হওয়া কিংবা ওষুধ খাওয়ার পরেও নিয়মিত বদহজম মাথাচাড়া দিয়ে ওঠা প্যানক্রিয়াটিক ক্যানসারের স্পষ্ট সংকেত হতে পারে।
অগ্ন্যাশয়ের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে পেটে তীব্র যন্ত্রণা দেখা দেয়। এই ব্যথা সাধারণত পেটের উপরিভাগ থেকে শুরু হয়ে ধীরে ধীরে পুরো পেট ও পিঠের দিকে ছড়িয়ে পড়ে। অনেক সময় বুকে ব্যথা অনুভব হতে পারে এবং খাবার খাওয়ার পরপরই বমি হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।
যাঁদের অতিরিক্ত ওজন রয়েছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে কিংবা কোলনে জটিলতা রয়েছে, তাঁদের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ ছাড়া পাকস্থলী বা পিত্তথলিতে পূর্বে অস্ত্রোপচার হয়ে থাকলে এবং পিত্তথলিতে বার বার পাথর জমার প্রবণতা থাকলে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। অগ্ন্যাশয়ের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক লক্ষণ দেখামাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।