কেরাটিনের চেয়েও কার্যকর ৩ আধুনিক হেয়ার থেরাপি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
Main News Image

বাঙালির দুর্গা পুজো-প্রস্তুতি মানেই শুধু কেনাকাটা নয়, তার পাশাপাশি চলে ত্বক ও চুল সুন্দর করার প্রস্তুতি। চুলের সঠিক পরিচর্যা বলতে এক সময় শুধু ভালো করে শ্যাম্পু করাকেই বোঝানো হতো। তবে কেবল শ্যাম্পু করে চুলে সাময়িক ভলিউম আনার দিন এখন শেষ। চুল পড়া রোধ করা এবং রুক্ষ ভাব দূর করে তা গোড়া থেকে মজবুত ও রেশমি করে তুলতে আজকাল বিউটি ক্লিনিকগুলোতে নতুন সব থেরাপির জনপ্রিয়তা বাড়ছে। বলিউডের সালমান খানের মতো আকর্ষণীয় ও ঝলমলে চুল পেতে কোনো অস্ত্রোপচার ছাড়াই কলকাতা শহরের সালোঁগুলোতে করা যাচ্ছে ৩টি ডিপ-নারিশিং থেরাপি।

১. ওলাপ্লেক্স হেয়ার থেরাপি

পরিবেশ দূষণ ও অতিরিক্ত রাসায়নিক প্রসাধনী ব্যবহারের ফলে মাথার ত্বকে টক্সিন জমে চুলে থাকা ‘ডাইসালফাইড বন্ড’ ভেঙে যায়। ফলে চুল রুক্ষ ও দুর্বল হয়ে আঁচড়ানোর সময় গোছা গোছা চুল উঠতে থাকে।

কার্যপদ্ধতি: ওলাপ্লেক্স থেরাপি মূলত একটি শক্তিশালী ‘বন্ড-বিল্ডিং’ প্রক্রিয়া। এতে বিশেষ দ্রবণ ৩-৪টি ধাপে চুলে প্রয়োগ করে আধ ঘণ্টা মাসাজ করা হয়। এটি চুল সোজা না করলেও চুলের স্বাভাবিক গঠন মজবুত ও মসৃণ করে।

২. হাইড্রা হেয়ার থেরাপি

ত্বকের হাইড্রাফেশিয়ালের মতোই স্ক্যাল্পের স্বাস্থ্য ফেরাতে এটি অত্যন্ত কার্যকরী। পুরোপুরি যন্ত্রের সাহায্যে এই থেরাপি সম্পন্ন করা হয়।

কার্যপদ্ধতি: একটি বিশেষ ভ্যাকিউম সাকশন ডিভাইসের সাহায্যে মাথার ত্বক থেকে জমে থাকা তেল, ময়লা এবং মৃতকোষ শুষে নেওয়া হয়। এরপর হায়ালুরনিক অ্যাসিড ও নিউট্রিয়েন্ট সিরাম স্ক্যাল্পে প্রবেশ করানো হয়, যা চুলকে প্রাণবন্ত ও খুশকিমুক্ত রাখে।

৩. ওজোন থেরাপি

মাথার ত্বকে যেকোনো ছত্রাক সংক্রমণ বা জেদি খুশকি দূর করতে ওজ়োন থেরাপির তুলনা নেই।

কার্যপদ্ধতি: এটি কাচের তৈরি একটি বিশেষ ইলেকট্রোডের মাধ্যমে উচ্চ কম্পাঙ্কের বিদ্যুৎ প্রবাহিত করে স্ক্যাল্পে ওজ়োন গ্যাস তৈরি করে। এই গ্যাস রক্ত সঞ্চালন বাড়ায় এবং ক্ষতিকর ব্যাক্টেরিয়া পুরোপুরি ধ্বংস করে। থেরাপি শুরু করার আগে চুল ভালো করে ব্লো-ড্রাই করে শুকিয়ে নিতে হয়।

পুজোর আগেই নিজের চুলের ধরন বুঝে এই থেরাপিগুলোর যেকোনো একটি করিয়ে নিলে চুলের গোড়া হবে সুদৃঢ় এবং ফিরে আসবে হারিয়ে যাওয়া আসল প্রাকৃতিক উজ্জ্বলতা।