বার বার নখ ভেঙে যাচ্ছে? সমাধান চালধোয়া পানিতে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ এএম
Main News Image

পার্টি বা বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে যত্ন নিয়ে ম্যানিকিয়োর করিয়েছেন, অথচ সামান্য অসাবধানতায় নখ ভেঙে সব সৌন্দর্য নষ্ট—এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হন। আমাদের মতো দেশে গৃহস্থালির কাজের প্রয়োজনে হাত প্রায়শই পানির সংস্পর্শে আসে। ফলে নখ নরম ও ভঙ্গুর হয়ে সহজেই ভেঙে যায়। এই সমস্যার সমাধানে দামি বিউটি প্রোডাক্ট বা পার্লারের ম্যানিকিয়োর নয়, বরঞ্চ কাজে আসতে পারে একটি অতিসহজ ঘরোয়া উপাদান—চালধোয়া জল বা ভাতের ফ্যান।

কোরিয়ান রূপচর্চার সৌজন্যে চালধোয়া পানি বিশ্বজুড়ে ত্বক ও চুলের যত্নে ব্যাপক জনপ্রিয়। তবে শুধু ত্বক বা চুল নয়, ভঙ্গুর নখকে শক্ত ও মজবুত করতেও এটি ভীষণ কার্যকরী।

কেন নখের জন্য চালধোয়া পানি এত উপকারী?

চাল ভিজিয়ে রাখা জল অথবা ভাত ফোটার পর বেঁচে যাওয়া ফ্যানে থাকে প্রচুর পরিমাণে স্টার্চ। প্রতিদিন যে পানি আমরা অবহেলায় ফেলে দিই, তার মধ্যে থাকে একাধিক পুষ্টিকর উপাদান।  

অ্যামিনো অ্যাসিড: নখের টিস্যু পুনর্গঠনে এবং নখ শক্ত করতে সাহায্য করে।

অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রয়োজনীয় খনিজ: নখের চারপাশের স্পর্শকাতর ত্বক ও কিউটিকলকে সুস্থ ও প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখে।

কার্বোহাইড্রেট ও ভিটামিন: নখের শুষ্কতা দূর করে প্রাকৃতিক পুষ্টি ও ঔজ্জ্বল্য জোগায়।

নিয়মিত চালধোয়া পানি ব্যবহার করলে নখ সহজে ভেঙে যায় না এবং দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে।

চালধোয়া পানি তৈরি ও ব্যবহারের সহজ নিয়ম

সহজ কয়েকটি ধাপে নখের পরিচর্যার জন্য এই ঘরোয়া মিশ্রণটি তৈরি এবং ব্যবহার করা সম্ভব। চাল পরিষ্কার করা: প্রথমে আধ কাপ চাল নিয়ে এক বার পানি দিয়ে ধুয়ে নিন, যাতে ধুলোবালি সরে যায়।

চাল ভিজিয়ে রাখা: ধুয়ে নেওয়া চালে ১ থেকে ২ কাপ পরিষ্কার পানি যোগ করে পাত্রটি ঢেকে আধ ঘণ্টা রেখে দিন।

পানি ছেঁকে নেওয়া: আধ ঘণ্টা পর পানি ঘোলাটে হয়ে এলে চাল থেকে পানিটুকু ছেঁকে অন্য একটি পাত্রে আলাদা করুন।

নখ ভিজিয়ে রাখা: প্রস্তুত করা স্টার্চযুক্ত ঘোলাটে পানিতে হাত বা পায়ের নখ ডুবিয়ে ১৫ থেকে ২০ মিনিট বসে থাকুন।

প্রাকৃতিকভাবে শুকাতে দেওয়া: পানি থেকে হাত তোলার সাথে সাথেই ধুয়ে ফেলবেন না। ওই পানি হাতেই শুকাতে দিন, যাতে পুষ্টিকর উপাদানগুলো নখের গভীরে প্রবেশ করতে পারে।

ময়েশ্চারাইজ় করা: শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে হাত ধুয়ে নিন এবং শেষে নারকেল তেল বা কিউটিকল তেল দিয়ে নখ ভালো করে ম্যাসাজ করে নিন।


সপ্তাহে ১ থেকে ২ বার এই পদ্ধতি অনুসরণ করলেই যথেষ্ট। রাতারাতি পরিবর্তন না এলেও, কিছুদিন নিয়ম মেনে যত্ন নিলে নখ ভাঙার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।