বয়স ৫০ পার হয়েছে? আবহাওয়া বদলের এই সময়ে দুই টিকা নিলে আইসিইউ-র ঝুঁকি কমবে
দিনে গরম আর রাতে ঠান্ডা—এই খামখেয়ালি আবহাওয়াতেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বাড়ির বয়স্ক সদস্যরা। শুধু সর্দি-কাশি থেকে বাঁচতে নয়, হাসপাতালে বা আইসিইউ-তে যাওয়ার ঝুঁকি কমাতে এই সময়ে অন্তত দুটি টিকা নেওয়া জরুরি বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
শীতের আমেজ পুরোপুরি না এলেও রাত বা ভোরের দিকে ঠিকই ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এই ঠান্ডা-গরমের লুকোচুরিতেই সবচেয়ে বেশি কাবু হচ্ছে শরীর। সকালের দিকে গরম লাগায় ফ্যান চালাচ্ছেন অনেকে, আবার রাত বাড়তেই হালকা কাঁথা টানতে হচ্ছে। আবহাওয়া বদলের এই সময়ে বাড়ছে সর্দি-কাশি, গলা ব্যথা আর জ্বর-ঠান্ডার মতো সমস্যা। পরিবারে কোনো বয়স্ক মানুষ থাকলে এ সময়ে তাঁদের অসুস্থ হওয়ার ঝুঁকি আরও বেশি থাকে। চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, এই সময়ে দুটি টিকা নেওয়া থাকলে বয়স্কদের আইসিইউ-তে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছর একবার করে নিতে হলেও নিউমোনিয়ার ক্ষেত্রে নতুন একটি ভ্যাকসিন গাইডলাইনে এসেছে, যার নাম পিসিভি২০ (PCV20)। এটি নিউমোনির ২০টি আলাদা ক্ষতিকর রূপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই ভ্যাকসিনটি একবার নিলে সাধারণত বারবার নেওয়ার প্রয়োজন হয় না।
অবশ্য টিকা নিলেই যে পুরোপুরি সর্দি-কাশি বা ইনফ্লুয়েঞ্জা হবে না, এমনটি ভাবার কারণ নেই। তবে টিকা নেওয়া থাকলে রোগের তীব্রতা ও ভয়াবহতা অনেক কমে যায়। ফলে রোগ হলেও তা গুরুতর আকার ধারণ করে না এবং খুব দ্রুত সুস্থ হওয়া সম্ভব।