নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
Main News Image

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদণ্ডাদেশে বড় পরিবর্তন এনেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ১০ জনকে বেকসুর খালাস, ২ জনের মৃত্যুদণ্ড বহাল এবং ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় ঘোষণা করেন।

রায়ের সারসংক্ষেপ

মৃত্যুদণ্ড বহাল (২ জন): মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা এবং তাঁর সহযোগী শাহাদাত হোসেন শামীম। যাবজ্জীবন কারাদণ্ড (৪ জন): চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। বেকসুর খালাস (১০ জন): অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে নির্দেশ

আসামিপক্ষের আইনজীবী শিশির মনির জানান, বিচারিক আদালতে এভাবে ঢালাওভাবে ফাঁসির আদেশ দেওয়ার কারণে পরিবারগুলোর ওপর চরম নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এই পর্যবেক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাঁকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেন আদালত।

মামলার পটভূমি

২০১৯ সালের ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাত। এর জেরে ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র সোনাগাজী মডেল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরবর্তীতে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত অভিযুক্ত ১৬ আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন, যা আপিলের পর হাইকোর্টে আংশিক সংশোধিত হলো।