ফরিদপুরে তিন জনকে কুপিয়ে হত্যা ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে জামায়াতের উদ্বেগ
ফরিদপুরে তিন জনকে কুপিয়ে হত্যা ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে জামায়াতের উদ্বেগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী (লোগো)
ফরিদপুরে তিন জনকে কুপিয়ে হত্যা, সারা দেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ ও শোক প্রকাশ করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ফরিদপুরে সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক ও ভয়ংকর। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। হত্যার সঙ্গে জড়িত যুবককে পুলিশ গ্রেফতার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। সারা দেশে সড়কে প্রাণহানির ঘটনাগুলো সড়কে অব্যবস্থাপনার চিত্রকে তুলে ধরছে। সরকারকে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে গাড়ির ফিটনেস পরীক্ষাসহ অবৈধ যানচলাচ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। একই সঙ্গে প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, “মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে নোয়াখালীর তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ব্রিজ এলাকায় একজন নিহত হয়েছেন, যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাকৃতিক দুর্যোগে এসব প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”
অ্যাডভোকেট জুবায়ের বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও হত্যাকাণ্ডে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। এজন্য ভুক্তভোগী পরিবারগুলোকে মানবিক সহায়তা, ন্যায়বিচার নিশ্চিত এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।”
ডেস্ক রিপোর্ট